স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩: সোনালী ভোরের প্রত্যাশায় জাতি
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৬, ৬:০০:২৯ অপরাহ্ন
মুনশী ইকবাল :
কবির ভাষায় ‘‘সকল জীর্ণতা দীর্ণ করে তুমি এসো হে বৈশাখ / এসো উত্তপ্ত বদ্বীপে, সবুজ পল্লবে, নবরূপে / এসো স্বপ্ন-সম্ভাবনা বুকে নিয়ে, এসো বারবার, / মুছে দাও ব্যর্থতার যত গ্লানি, জীবনের ভার।’’
আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা বর্ষ ১৪৩২ বিদায় নিয়েছে, আজ থেকে শুরু হলো নতুন বাংলা বছর ১৪৩৩। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। নতুন সরকারের এটি প্রথম নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদেশের আপামর জনগণের প্রত্যাশা নতুন সরকার বিগত দিনের সব জড়তা শেষ করে নতুন বাংলাদেশ উপহার দেবেন, সেই সোনালী ভোরের প্রত্যাশায় আজ গোটা জাতি। যে ভোর নিয়ে আসবে বিবেধ নয় ইনসাফ আর ন্যায়বিচারের মানদন্ডে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ।
পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়।
বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্যকে তুলে ধরে এবং আমাদের ঐক্যবোধে উজ্জীবিত করে। বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। প্রকৃতির নবজাগরণ আর মানুষের অন্তরের আশাবাদ মিলেমিশে সৃষ্টি করে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ।
এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের।
চারদিকে উৎসবের রঙ, মুখে মুখে শুভেচ্ছা, কিন্তু এর মাঝে রয়েছে এক আশার বার্তা। সে বার্তা বদলে যাওয়ার, নতুন দেশ গড়ে তোলার।
বাংলা নববর্ষে এদেশের মানুষের দেহমনে এক অনির্বচনীয় শিহরণ জাগে। হৃদয় স্পন্দিত হয় এক গভীর আবেগ ও অনুভূতিতে। একই সাথে ফেলে আসা বছরের অসংখ্য স্মৃতি মানসপটে ভেসে ওঠার পাশাপাশি আগামী দিনের আশা আকাঙ্খা ও স্বপ্ন দোলা দেয়। বাংলা নববর্ষ বাংলা সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে এক সৃজনশীল মৌসুম হিসেবে। বাংলা গদ্য, কাব্য ও সংগীতের শাখা অসামান্য সমৃদ্ধি ও গতি পেয়েছে নববর্ষ উৎসবকে কেন্দ্র করে।
বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলতঃ মুসলিম বাদশাহ আকবরের সময় থেকেই। মূলত ১৫৫৬ সালে কার্যকর হওয়া বাংলা সন প্রথমদিকে পরিচিত ছিল ফসলি সন নামে। পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলাবর্ষের ইতিহাস জড়িয়ে থাকলেও এর সঙ্গে রাজনৈতিক ইতিহাসেরও সংযোগ ঘটেছে।
অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা। এটি পুরোপুরি একটি অর্থনৈতিক বিষয়। গ্রামেগঞ্জে ও নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরোনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবের নতুন খাতা খুলতেন। চিরায়ত এ অনুষ্ঠানটি আজো পালিত হয়। নববর্ষের দিনটিতে অনেকে পান্তা ইলিশ খান। তাই হোটেল রেস্তোরাঁসহ অন্যানৗ মৌসুমের খাবারের দোকান পান্তা ইলিশের পশরা সাজায়। অনেক নরনারী বিশেষ করে তরুণ তরুণী নতুন পোশাক পরিধান করেন, নববর্ষের কার্ড ও উপহার বিনিময় করেন। হস্ত ও মৃৎশিল্পের নানা আইটেম বাজারে আসে। আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। এভাবে বাঙালীর জীবনে এক নতুন সওগাত বা উপহার নিয়ে আসে বাংলা নববর্ষ।
এছাড়া বছরের প্রথম দিনটিকে আরো উৎসবমুখর করে তোলে বৈশাখী মেলা। বাঙালির আনন্দঘন লোকায়ত সংস্কৃতির ধারক গ্রামীণ বৈশাখী মেলায় মেলে স্থানীয় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, কুটির শিল্পজাত সামগ্রী, সব প্রকার হস্তশিল্পজাত ও মৃৎশিল্পজাত সামগ্রী, খেলনা এবং বিভিন্ন লোকজ খাদ্যদ্রব্য যেমন: চিড়া, মুড়ি, খৈ, বাতাসা, বিভিন্ন প্রকার মিষ্টি প্রভৃতির বৈচিত্রময় সমারোহ। আরো থাকে নাগরদোলা, পুতুলনাচ, যাত্রা, লোকজ গানের আসরসহ নানান বিচিত্র বিনোদন। যুগ যুগ ধরে চলে আসা এ আনন্দ উৎসবটি এদেশের পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে আছে।





