সিলেট সীমান্তে সক্রিয় মানবপাচার চক্র
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৭:৪৬:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মাস না পেরোতেই সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে মানবপাচার চক্র| ২২ দিনের ব্যবধানে ভারতে পাচারকালে নারী, রোহিঙ্গা ও মানবপাচারকারী চক্রের সদস্যসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)|
বিজিবির তথ্য বলছে, সিলেটের গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা জুড়ে তৎপর একটি শক্তিশালী চোরাচালান ও মানবপাচার চক্র| দেশের অন্যতম শীর্ষ চোরাচালান ও মানবপাচার রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই দুই উপজেলার সীমান্ত এলাকা| বড় অংকের টাকার বিনিময়ে নিরাপদে সীমান্ত পার করে দেয় এই চক্র| স্থানীয় কিছু প্রভাবশালী পরিবার এই চক্রের সদস্য হিসেবে কাজ করে|
বিজিবি জানায়, গত ২০ মার্চ ভারতে দুই বাংলাদেশি নারীকে পাচারকালে এই চক্রের সদস্যসহ ৩ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| এ ঘটনার ২২ দিন পর রোববার (১২ এপ্রিল) কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে রোহিঙ্গা নাগরিক ও মানবপাচার চক্রের সদস্যসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| সোমবার (১৩ এপ্রিল) ১৯ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে কানাইঘাট উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালায় ডোনা বিওপির একটি টহল দল| এ সময় অবৈধভাবে ভারতে পাচারকালে রোহিঙ্গা নাগরিক মো. আলী হোসাইনকে (৩৫) আটক করা হয়| তিনি কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা| এসময় তার কাছ থেকে ২ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসাইন জানান, ভারতের হায়দরাবাদে থাকা পরিবারের কাছে যাওয়ার জন্য দালাল চক্রের সহায়তায় তিনি সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন| এ ঘটনায় দালাল চক্রের সদস্য রুমেল আহমেদকেও (২৩) গ্রেফতার করা হয়েছে| এসময় মানবপাচারকারী রুমেলের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়|
এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পূর্ব কারাবাল্লা এলাকায় আটগ্রাম বিওপির টহল দল পৃথক অভিযান চালায়| এ সময় অবৈধভাবে ভারত যাওয়ার সময় নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা মো. রুবেল শেখ (৩৩) এবং যশোরের মনিরামপুর উপজেলার মোছা. শাহানাজকে (৪০) আটক করা হয়| তাদের কাছ থেকে ১৮ হাজার ৭৬০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে| তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা পালিয়ে যায়| বিজিবি জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, রুবেল শেখ উন্নত চিকিৎসার জন্য এবং শাহানাজ চাকরির জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন|
এর আগে গত ২০ মার্চ সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত পিলার ১২৭১/৭-এস এলাকা থেকে ভারতে পাচারের সময় এক মানবপাচারকারীসহ তিনজনকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা| ওই ঘটনায় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই গ্রামের মো: জয়েন উদ্দিনের ছেলে মো: আফছারকে (২৪) আটক করা হয়| এছাড়া পাচারের শিকার দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কশিগাড়ী গ্রামের মো: দেলোয়ার হোসেনের মেয়ে মোছা: মিনারা খাতুন (২১) ও মাদারীপুর জেলার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মো: হাসানের মেয়ে মোছা: ইতি তাইনিকেও (২১) আটক করা হয়| তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দায়ের করা হয়| বর্তমানে তারা কারাগারে রয়েছেন|
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বিজিবি সক্রিয় রয়েছে| সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ ও মানবপাচার রোধে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে|





