জাফলংয়ে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:১৪:১৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটের জাফলংয়ে একটি গভীর কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মোস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কল্লোল এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে সুরমানকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া জবানবন্দিতে দিনব্যাপী তল্লাশি শেষে বৃহস্পতিবার রাত প্রায় ৯ টার দিকে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপের ভেতর থেকে দেশীয় পিস্তলটি উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে জড়িত প্রধান আসামি সুরমানের জবানবন্দিতে বলে তার সাথে আরও দুই জন জড়িত রয়েছে। পরে ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।
দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের মাধ্যমে একজনকে আটক করি ও ধৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় জড়িত থাকার দায়ে আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় জনসাধারণ এবং সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।





