কমলগঞ্জে ভাতিজার দা’য়ের আঘাতে চাচী নিহত
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৫০:০০ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ভাতিজার দা’য়ের আঘাতে চাচী বকুল বেগম (৬৫) নামের বৃদ্ধা নিহত হয়েছেন| এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন| আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| বুধবার দুপুরে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে| নিহত বকুল বেগম সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার স্ত্রী| এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বকুল বেগমের মেয়ের জামাই অজুদ মিয়া (৩৫), একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাঈদুল ইসলাম (১৮) ও আমিনুল ইসলাম (১৬)| হামলাকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন|
স্থানীয় সূত্র ও সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে পারিবারিক দ্ব›েদ্ধ হেলিম মিয়া তার ভাইয়ের ঘরে প্রবেশ করে ভাতিজা সাইদুল ইসলাম ও আমিনুল ইসলামকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে| পরে প্রাণ রক্ষায় আমিনুল ও সাইদুল দৌড়ে প্রতিবেশী বকুল বেগমের ঘরে আশ্রয় নেয়| সেখানে হেলিম এসে আবার ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে| এসময় ছুরির আঘাতে বকুল বেগম, বকুল বেগমের মেয়ের জামাই অজুদ মিয়া, সাইদুল ইসলাম ও আমিনুল ইসলাম গুরুতর আহত হন| পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন| আহতদের মধ্যে আমিনুল ইসলাম ও অজুদ মিয়ার অবস্থা গুরুতর থাকায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| এ ঘটনায় পরে স্থানীয় এলাকাবাসী হামলাকারী হেলিম মিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে|
নিহত বকুল বেগমের মেয়ে পারভীন বেগম বলেন, হেলিম মিয়া তার ভাতিজাদের ছুরি দিয়ে আঘাত করে আমাদের ঘরে নিয়ে আসে| এসময় আমার মা সাইদুল ও আমিনুলকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে আমার মা ও বোনের জামাইকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আমার মাকে হত্যা করে|
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, স্থানীয়রা হেলিম মিয়াকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন| এ ঘটনায় বকুল বেগম মারা গেছেন ও ৩ জন আহত হয়েছেন| হেলিমের বিরুদ্ধে আগেও থানায় কয়েকটি মামলা ছিলো| এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে|




