মৌলভীবাজারসহ ৩০ জেলায় হচ্ছে মেডিকেল কলেজ
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৮:১৪:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অবশেষে মৌলভীবাজার জেলা পাচ্ছে সরকারি মেডিকেল কলেজ| মৌলভীবাজারসহ দেশের ৩০টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে সরকার| বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান|
মন্ত্রী সংসদকে জানান, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে| বাকি ৩০ জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নেই| এসব জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে| মন্ত্রী বলেন, ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে| জেলাগুলো হল—নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর| তবে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুর জেলায় ইতোমধ্যে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে|
সিলেট বিভাগের অপর তিন জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়থাকলেও মৌলভীবাজার জেলায় নেই কোনো সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় | বিগত সরকারের আমলে সবচেয়ে পিছিয়ে পড়া জেলার মধ্যে মৌলভীবাজার| এই জেলায় বিগত ১৭ বছর উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি| সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান জাতীয় সংসদে মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ ও শমসেরনগর বিমানবন্দর চালু করার জোর দাবি জানান| এরই প্রেক্ষিতে মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়|




