সিসিকে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৫৩:০৮ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে কিছু অসাধু চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ গ্রহণ করছে-এমন অভিযোগ পাওয়া যাচ্ছে| বিষয়টি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নজরে এসেছে| প্রশাসক জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই| ফলে নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই| একটি প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে| তিনি বলেন, সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা| এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন|
সিসিক প্রশাসক আরও জানান, নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়| তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান| নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন| প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন| সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে| বিজ্ঞপ্তি




