শেয়ারবাজারে বাড়ল সূচক
প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৬, ৮:২৮:৪২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হয়েছে| এতে এক্সেচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও বেড়েছে| তবে ঢাকার এই শেয়ারবাজারে লেনদেন কমেছে উল্লেখযোগ্য পরিমাণ| দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন প্রায় ১৩৯ কোটি টাকা কমে গেছে|
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৯টির| বিপরীতে কমেছে ১৬৭টির| আর দিনশেষে দর অপরিবর্তিত রয়েছে ৫১টি সিকিউরিটিজের|
অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধি হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্টে বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে| এক্সচেঞ্জটির শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে উঠেছে| আর ভালো মৌলভিত্তি সম্পন্ন ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০ পয়েন্ট দাঁড়িয়েছে| বুধবার ডিএসইতে মোট ৮৮৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে| আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ১ হাজার ২৬ কোটি ৭৩ লাখ টাকা|
খাত খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আজ ব্যাংক খাতে সর্বোচ্চ লেনদেন হয়েছে| এছাড়া সাধারণ বীমা ও বস্ত্র খাত আজকের লেনদেনে বড় অবদান রেখেছে| অন্যদিকে সেবা, খাদ্য ও ব্যাংক খাতে আজ সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে| বিপরীতে ভ্রমণ, তথ্য ও প্রযুক্তি এবং কাগজ ও মূদ্রণ খাতে সবচেয়ে বেশি নেতবাচক রিটার্ন এসেছে|
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্য সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে ১৪৮৯৯ পয়েন্টে উঠেছে| লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯০টির| কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দর| এক্সচেঞ্জটিতে মোট ২৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে|




