উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৭:৪৭:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে জোট হলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ।
এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করবেন। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। তাই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি।
সিলেট বিভাগে যাদের দেওয়া হলো: সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওবায়েদ আহমেদ, কানাইঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন ইউনূস, ওসমানী নগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মো. মোশাহিদ আলী, জৈন্তাপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাকারিয়া ও গোয়াইনঘাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনসুরুল হাসান, হবিগঞ্জের আজমিরিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. কামাল আহমেদ, হবিগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থী মাহবুবুল বারী চৌধুরী, মৌলভীবাজারের রাজনগরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেদ হাসান, কুলাউড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু রুকিয়ান।





