দিরাইয়ে আ’লীগের সাথে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত ৪০
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৭:৫৯:২১ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষে রতন মিয়া (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষে ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও আলীনগর গ্রামের বাসিন্দা আব্দুল মুহিত এবং ইউনিয়ন বিএনপির শাহাদীব (মেম্বার)-এর লোকজনের মাঝে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। নিহত বিএনপি কর্মী রতন মিয়া (৩০) আলীনগর গ্রামের সোনাই মিয়ার ছেলে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য শাহদীব মিয়া পক্ষের লোক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বার এবং আলিনগর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা আব্দুল মুহিতের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। সপ্তাহ খানেক আগে সংঘটিত আরেকটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারকে প্রতিপক্ষের লোকজন আটকিয়ে মারধর করে বলে অভিযোগ ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের মধ্যে আব্দুল মুহিত পক্ষের অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শাহাদীব মেম্বারের পক্ষের আহত ২০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত আল আমিন (২৬) সোনাই মিয়া (৭৫) ও রতন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মৃত্যুবরণ করেন। সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের বিষয়ে একপক্ষ অপর পক্ষকে দায়ী করছেন।
সংঘর্ষে নিহতের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে আলীনগরে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসাধীন অবস্থায় একজন নিহতের খবর পেয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





