সিলেট চেম্বারে ট্যাক্স-ভ্যাট বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৮:০৪:৪৭ অপরাহ্ন
চেম্বার কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট চেম্বারের সহযোগিতায় বুধবার ট্যাক্স, ভ্যাট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মোঃ গোলাম আক্তার ফারুক। তিনি এসএমই উদ্যোক্তাদের কর্মশালায় স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো এসএমই খাত। অর্থনৈতিক শুমারি-২০২৪ অনুযায়ী দেশের মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৯৫ শতাংশই এই খাতের অন্তর্ভুক্ত। কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় শিল্পের বিকাশ, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় অর্থনীতিতে প্রায় ৩০ শতাংশ জিডিপি অবদান রেখে এ খাত দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশ সরকারের শিল্প নীতি ২০২২, এসএমই নীতি ২০২৬ এবং এসডিজি ২০৩০-এর লক্ষ্য অর্জনে এসএমই খাতকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলা অত্যন্ত জরুরি। আর সে লক্ষ্য অর্জনে কর ও মূসক বিষয়ক সচেতনতা এবং এ সংক্রান্ত আইন-কানুন জানা থাকা প্রয়োজন। তিনি সিলেট চেম্বারে ট্যাক্স-ভ্যাট বিষয়ক কর্মশালাটি আয়োজনের এসএমই ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক নাজমুল আহসান। তিনি বলেন, দেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বর্তমানে এসএমই উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ভিত্তিক ট্রেনিং প্রদানের পাশাপাশি ট্যাক্স-ভ্যাট বিষয়ক সচেতনতামূলক কর্মশালাও আয়োজন করছি। পর্যায়ক্রমে সারাদেশে এরকম কর্মশালা অনুষ্ঠিত হবে। তিনি কর্মশালাটি আয়োজনে সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।
কর্মশালায় আয়কর বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন কর অঞ্চল-সিলেট এর যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-৩ সৌমিত্র কুমার ভৌমিক এবং ভ্যাট বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট এর সহকারী কমিশনার প্রকাশ দে। তারা আয়কর ও ভ্যাট প্রদানের নিয়ম-কানুন, প্রয়োজনীয়তা ও এর বিভিন্ন দিক নিয়ে বিষদভাবে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের উপ-নির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল, আজিজুর রহিম খান মিজান, চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও এসএমই উদ্যোক্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি





