জৈন্তায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৯:৫১:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহতরা হলো- শিখারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) এবং কবির আহমেদের মেয়ে রাফা (৬)।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায় দুই শিশু। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, শিশুদুটির মৃত্যুর খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ বাড়ীতে নেয়ার প্রস্তুতি চলছে।




