মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৭:১২:২০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: শিশু রামিসাসহ দেশব্যাপি ধর্ষণ হত্যা ও চরম নৈতিক অবক্ষয়ের প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও প্রতিকি ধর্ষকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন জুতা ও থুথু নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) এর আয়োজনে জেলা শহরের চৌমুহনা চত্বরে সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে নির্বাহী পরিচালক আবু সামাদ সুজেল এর সঞ্চালনায় বক্তব্য দেন দেওয়ান আব্দুল বাসিত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, লেখক এডভোকেট মো. আবু তাহের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এডভোকেট মোস্তাক আহমেদ মম, কবি সুফি চৌধুরী, কবি আবদাল মাহবুব কোরেশী, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, সাংবাদিক মাহবুবর রহমান রাহেল, জুসেফ আলী চৌধুরী, বৃটেন প্রবাসী শামীম তরফদার, শরীফ ইসলাম ও আব্দুস সালাম তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যকারিতা বাড়িয়ে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। বক্তারা আরও বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, বাস্তবে ভুক্তভোগীদের নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করাও জরুরি। বিচার চলাকালে নির্যাতনের শিকার নারী, শিশু ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখতে হবে।





