মিরাপাড়া থেকে ২১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ১০:৩১:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট শহরতলীর মিরাপাড়া এলাকা থেকে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে এসএমপির শাহপরান থানা পুলিশ। এসময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেজরটিলা এলাকায় চোরাচালান পণ্যবাহী যানবাহন শনাক্ত করতে একটি চেকপোস্ট বসানো হয়। এসময় ভারতীয় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-অ-১১-২৯৮০) থামার সংকেত দেওয়া হলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে মিরাপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যানটি আটক করে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আটককৃত কাভার্ড ভ্যান তল্লাশি করে ১৪২ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার মোট ওজন ৪ হাজার ২৬০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৪ জুন) এর নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর সাথে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




