এসএমপির ৩২ ঘন্টার সাড়াশি অভিযানে আটক ২১৬
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ১০:২৮:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অপরাধ কর্মকান্ড দমনে সিলেট নগরীতে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ২১৬ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন ১৫৫ জন। এইসময়ে ট্রাফিক পুলিশ ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে ৩২ ঘন্টায় ৭৪ জনকে আটক করেছিল এসএমপি।
এসএমপি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ১৫৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, জুয়াড়ি, চোর, হকার, সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি, চোরাকারবারি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযানকালে ৪ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা, ১০০ পিস ভারতীয় বেনারসি শাড়ি এবং বিভিন্ন ধরনের ভারতীয় ক্রিম উদ্ধার করা হয়েছে।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১০৪ টি যানবাহন আটক করা হয়।
এছাড়া শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ৬১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে নিয়মিত মামলার ও সন্দেহভাজন আসামী, ওয়ারেন্টভুক্ত এবং মাদকসেবী-মাদক কারবারি রয়েছেন।
এদিকে শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।





