সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ১০:২৮:৪৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী সাড়ে ৫ মাস বয়সী শিশু জাওয়াত সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত হয়নি। তবে এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৩ জন।
রোববার (১৪ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৫ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারী থেকে ১৪ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৬৯ জনের মৃত্যু হয়েছে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকী ৬৮ জন শিশু। এরমধ্যে ৪ জনের হাম নিশ্চিত হলেও বাকীরা উপসর্গে মারা গেছেন।
এদিকে বিভাগে এখন পর্যন্ত ৩১৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৭৪ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১০৪, হবিগঞ্জের ২৪ ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৯৫ জন রোগীর মধ্যে- সর্বোচ্চ ১১০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ১০, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৮, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ৪, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৩, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।





