সিলেটে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা, শাহী ঈদগাহের জামায়াতে লাখো মুসল্লি
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৬, ১১:৫৮:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।
সিলেটে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে ৭০০ বছরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। প্রতিবারের ন্যায় এবারও লাখো মুসল্লি একসাথে এখানে নামাজ আদায় করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এই জামায়াত শুরু হয়।
সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও নামাজের আগমুহূর্তে স্বল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজেই মুসল্লিরা প্রধান জামায়াতে অংশ নেন।
শাহী ঈদগাহের ঈদ জামায়াতে নামাজের আগে বয়ান পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। নামাজে ইমামতি করেন ঐ মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।
ফজরের নামাজের পর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শাহী ঈদগাহে ঈদের নামাজে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঈদ জামায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল সর্বোচ্চ সতর্কতা। শাহী ঈদগাহ এলাকা ছিল চার স্তরের নিরাপত্তা বলয়ে ঘেরা। মোতায়েন ছিল সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোবাইল টিম, ট্রাফিক পুলিশ, ড্রোন নজরদারি ও রুফটপ ইউনিট। অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ছিল সার্বক্ষণিক।
শাহী ঈদগাহ ছাড়াও নগর ও জেলার বিভিন্ন মসজিদ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামায়াত ৮টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা হুজাইফা হোসাইন চৌধুরী।
ঐতিহ্যবাহী সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়, ইমামতি করেন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান। দ্বিতীয় জামাত হয় সকাল ৮টায়, ইমামতি করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়, ইমামতি করেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৬টায়। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম। এছাড়া, শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
এদিকে ঈদ জামায়াত শেষে নগরের বাসা-বাড়িতে পশু কোরবানির জন্য ব্যস্ত হয়ে পড়েন মুসল্লিরা।




