স্বাস্থ্য মন্ত্রীর জেলায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ৯:০২:৫০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নিজ জেলা নরসিংদীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়| রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই অনুমোদন দেওয়া হয়|
এতে বলা হয়, নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকারের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে| বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নরসিংদীতে নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়| নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন| দায়িত্ব গ্রহণের পর তিনি নিজ জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন|
বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে| এছাড়া নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজেরও অনুমোদন রয়েছে| সর্বশেষ নরসিংদী মেডিকেল কলেজ সরকারি অনুমোদন পেল|




