দক্ষিণ সুরমায় ১৪৫ পিস ভারতীয় কম্বলসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৬, ৯:২২:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে কম্বলসহ তাদের আটক করা হয়।
এসএমপি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরীর হুমায়ুন রশিদ চত্তর সংলগ্ন হোটেল মার্টিন (আবাসিক)-এর সামনে চেকপোস্টে একটি রয়্যাল স্পেশাল বাসে তল্লাশি চালিয়ে অভিযানে ১৪৫টি ভারতীয় কম্বলসহ যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়। এসময় ৩ যুবককে আটক করেছে পুলিশ। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজারমুল্য প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা।
আটককৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমন্দী এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে মো. শাহিন (২৬), মাধবদী উপজেলার চরমাধবদী এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. শাহ আলম (২৯) এবং একই উপজেলার বিবির কান্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. আপন মিয়া (২০)।
এর সত্যত নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।






