জামালগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬, ৯:৩৯:১৬ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ১৯৫ পিস ইয়াবাসহ বিএনপির এক নেতা ও তার সহযোগিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা এমরান হোসেন রুবেল (৪৮) উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে। বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন। অপর গ্রেপ্তার ব্যক্তি আজিজুল হক (৪৮) উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনায় আমি হতভম্ব হয়েছি। দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি মাদকমুক্ত জামালগঞ্জ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।






