যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬, ৮:২৭:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : যুক্তরাজ্যে শিশু যৌন নিপীড়ক চক্র গ্রুমিং গ্যাংয়ের ৮ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৩ জন বাংলাদেশি| ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইংল্যান্ড ও ওয়েলসের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এই ৮ আসামির বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগের অনুমোদন দিয়েছে| এর মধ্যে ১৭টি অভিযোগ ধর্ষণের|
‘অপারেশন ওক’ নামের দীর্ঘমেয়াদী এক তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো দায়ের করা হয়েছে| তারা শিশু বয়সে ওই চক্রের নিপীড়নের শিকার হয়েছিলেন| যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারাও কথিত অপরাধের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন| ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে সংঘটিত এসব যৌন নিপীড়নের ঘটনার তদন্ত করছে যুক্তরাজ্যের পুলিশ|
ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি ল্যাঙ্কাশায়ারের পত্রিকা ল্যাঙ্কসলাইভ প্রতিবেদনে জানিয়েছে, গত ১৪ জুলাই ল্যাঙ্কাশায়ার, নিউপোর্ট, সোয়ানসি, লন্ডন, বার্মিংহাম, এডিনবরা এবং স্কটল্যান্ডের আর্গিল ও বুট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই ৮ জনকে আটক করে| আগামী ২৪ জুলাই নিউপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার শর্তে পরে তাদের জামিন দেওয়া হয়|
ওয়েলসের গোয়েন্ট পুলিশ এক বিবৃতিতে বলেছে, গ্রেফতারকৃতদের বয়স ৫৪ থেকে ৭৩ বছর, তারা সবাই ব্রিটিশ নাগরিক| তাদের মধ্যে তিন বাংলাদেশি হলেন- মোহাম্মদ শেখ আব্দুল হান্নান (৫৪), শেখ মোহাম্মদ তাহির উল্লাহ (৭৩) ও আমিনুর রহমান চৌধুরী (৫৮)| এর মধ্যে হান্নানের বিরুদ্ধে ১৬ বছর বা তার বেশি বয়সী নারীকে দুইবার ধর্ষণ, যৌন নিপীড়ন, ধর্ষণে তিনবার সহায়তা ও উসকানি দেওয়া এবং ধর্ষণের জন্য দুইবার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে|
তাহির উল্লাহর বিরুদ্ধে এক নারী ও কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে| আমিনুর রহমানের বিরুদ্ধেও আনা হয়েছে এক নারীকে ধর্ষণের অভিযোগ| বাকি ৫ আসামি হলেন- শাকিল বাবর, শফাক আহমেদ, আশান তাকভি, মুরাদ আলী ও কেভিন লরেন্স| এর মধ্যে কেভিন ছাড়া বাকি ৪ জনই পাকিস্তানি|






