বাদামবাগিচা পরিদর্শনে সিসিক প্রশাসক: ড্রেনে সেপটিক ট্যাংকের সংযোগ জনস্বাস্থ্যের জন্য হুমকি
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৬:২৪:৪৩ অপরাহ্ন
সিলেট নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাদামবাগিচা এলাকা পরিদর্শন করে ড্রেন ও ছড়ার সঙ্গে সেপটিক ট্যাংকের অবৈধ সংযোগকে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, অনেক ভবন বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা হয়েছে এবং অনেক বাড়ির সেপটিক ট্যাংকের বর্জ্য সরাসরি ড্রেন ও ছড়ায় ফেলা হচ্ছে। এতে জলাবদ্ধতা, দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।
তিনি বলেন, বাড়ি নির্মাণের সময় বিল্ডিং কোড অনুসরণ এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সেপটিক ট্যাংকের লাইন কোনোভাবেই ড্রেন বা ছড়ার সঙ্গে সংযুক্ত না করার আহ্বান জানান। এছাড়া নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পানি নিষ্কাশনের পথ অবরুদ্ধ না করারও অনুরোধ করেন।
সিসিক প্রশাসক আগামী তিন মাসের মধ্যে ড্রেন ও ছড়ার সঙ্গে সংযুক্ত সব সেপটিক ট্যাংকের অবৈধ লাইন বিচ্ছিন্ন করে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
পরিদর্শনকালে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এদিকে, একই দিন বাদামবাগিচা এলাকায় সিসিকের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেপটিক ট্যাংকের বর্জ্য ড্রেন ও ছড়ায় ফেলায় কয়েকজনকে জরিমানা করা হয় এবং ভবন মালিকদের সতর্ক করা হয়।
বিশ্বজিত দেব জানান, নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন ও ছড়ার সঙ্গে অবৈধভাবে সংযুক্ত সেপটিক ট্যাংকের লাইন চিহ্নিত করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং জলাবদ্ধতা নিরসনে এ অভিযান আরও জোরদার করা হবে। বিজ্ঞপ্তি




