আতহারিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৯:১৪:৫৬ অপরাহ্ন

নিজের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ফিরে এসে চারতলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। মঙ্গলবার গোলাপগঞ্জের হেতিমগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভবনটির উদ্বোধন করেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কবির আহমদ বাবরের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুস সামাদ ও সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমসি একাডেমির সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু।
অনুষ্ঠানে সহপাঠী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু এমপি এমরানের ছাত্রজীবনের নেতৃত্ব ও মেধার স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এমপি এমরান আহমদ চৌধুরীর আন্তরিকতা শিক্ষা অবকাঠামো উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানই তাঁর জীবনের ভিত্তি গড়ে দিয়েছে। তাই বিদ্যালয়ের উন্নয়ন তাঁর আবেগ ও দায়িত্বের অংশ। তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মেধা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, সাবেক শিক্ষক মোস্তাক আহমদ, সাবেক শিক্ষার্থী সালেহ আহমদ দুদু, নিজাম উদ্দিন আহমদ ও সুজন খান।
শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস শহীদ এবং মানপত্র পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ আহমদ। বিজ্ঞপ্তি






