দক্ষিণ সুরমায় সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৮:২৪:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে লোড-আনলোডের সময় সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের পর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার খিদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন- দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় একটি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ শুরু হয়। একপর্যায়ে সেটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল জানান, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশের একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।






