বড়লেখায় ঋণের প্রলোভনে লক্ষাধিক টাকা নিয়ে এনজিও কর্মী উধাও
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৮:২৯:২৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর এলাকায় বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৬ মাস ধরে দরিদ্র মানুষের কাছ থেকে সঞ্চয়ের নামে লক্ষাধিক টাকা আদায় করে উধাও হয়েছেন ‘সুখী’ নামের কথিত একটি এনজিওর মাঠকর্মী মাহবুবুর রহমান। দীর্ঘদিন ঘোরানোর পর ঋণ না দেওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা একপর্যায়ে তাকে মোটরসাইকেলসহ আটক করেন।
পরে দুই দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে তার মোটরসাইকেলটি ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও তিনি টাকা ফেরত দিতে আসেননি। এ ঘটনায় সোমবার কথিত এনজিও কর্মী মাহবুবুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ।
অভিযোগ সূত্রে জানা যায়, ৬-৭ মাস ধরে ‘সুখী’ নামের একটি এনজিও’র মাঠকর্মী পরিচয়ে মাহবুবুর রহমান উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন দরিদ্র এলাকার বাসিন্দাদের বড় অঙ্কের ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্চয় আদায় করছিলেন। অভিযোগে বলা হয়, তিনি সুফিয়া বেগমের কাছ থেকে ৬ হাজার টাকা, নুর হোসেনের কাছ থেকে ৭ হাজার টাকা, খালেদা বেগমের কাছ থেকে ৫ হাজার টাকা, ছায়রা বেগমের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা এবং কালই বিবির কাছ থেকে ৫ হাজার টাকা আদায় করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ছয় মাস ধরে ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তাদের ঋণ দেওয়া হয়নি। প্রায় এক মাস আগে ক্ষুব্ধ গ্রাহকরা মাহবুবুর রহমানকে তার ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেলসহ আটক করে স্থানীয় ইউপি সদস্য আকলিম উদ্দিনকে বিষয়টি জানান। পরে উভয়পক্ষের সমঝোতায় দুই দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার শর্তে মোটরসাইকেলটি রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এক মাস পার হলেও তিনি আর ফিরে আসেননি।
ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, কথিত এনজিও কর্মী এলাকার বিভিন্ন দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অন্তত লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। তার একটি মোটরসাইকেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের জিম্মায় রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান মাহবুব জানান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যানের লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






