শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:১৪:৩৩ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির প্রধান ভিত্তি| শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে| বুধবার দুপুরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ সংস্কার, দুটি ফটক নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
কাইয়ুম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত অবকাঠামো, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে| সিলেটের শিক্ষা বিস্তারে ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন বিদ্যালয়টির উন্নয়নকাজ হাতে নিয়েছে|
তিনি জানান, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং দুটি নতুন ফটক নির্মাণ করা হবে| পর্যায়ক্রমে বিদ্যালয়ের অন্যান্য অবকাঠামোগত সমস্যাও সমাধানের উদ্যোগ নেওয়া হবে| তিনি আরও বলেন, সুন্দর ও আধুনিক শিক্ষা পরিবেশ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক ˆসয়দ জাহিদ উদ্দিন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক ও নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান উপস্থিত ছিলেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার| এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি






