দুই যুগেও হয়নি কালভার্ট, হাজারো মানুষের ভরসা বাঁশের সাঁকো
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৬, ৮:১৮:৩২ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটি কালভার্টের অভাবে দুই যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও ভাঙা এলাকায় পাহাড়ি ঢলে সড়ক ভেঙে পানি চলাচলের খালে পরিণত হওয়ায় বর্তমানে বাঁশের সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন তাদের দুর্ভোগ বেড়েই চলেছে।
সরেজমিনে জানা যায়, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের মানুষ কৃষিকাজ, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। কয়েক বছর আগে পাহাড়ি ঢলে শ্যামারগাঁও এলাকায় সড়কটি ভেঙে যায়। পরে সেখানে বড় গর্ত সৃষ্টি হয়ে হাওরের পানি চলাচলের স্থায়ী খালে পরিণত হয়।
স্থানীয়রা জানান, নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা সেখানে কালভার্ট নির্মাণ করে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। কিন্তু নির্বাচন শেষে সেই প্রতিশ্রুতির আর বাস্তবায়ন দেখা যায় না। বর্তমানে স্থানীয় উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে কোনোমতে চলাচল করতে হচ্ছে।
এ সড়কের পাশে একাধিক স্কুল, মসজিদ-মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি দোয়ারাবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার শত শত শ্রমিক প্রতিদিন এ সড়ক দিয়ে সিলেটের ভোলাগঞ্জ ও উৎমাছড়া এলাকায় যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দা আশিক মিয়া বলেন, শ্যামারগাঁও ভাঙা শুধু নরসিংপুর ও বাংলাবাজার ইউনিয়নের মানুষের চলাচলের সড়ক নয়, এটি বৃহৎ একটি জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। দ্রুত এখানে একটি কালভার্ট নির্মাণ করে স্থায়ী সমাধানের দাবি জানান তিনি।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল হামিদ বলেন, সরেজমিনে এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।






