সিলেটে হাম-ডেঙ্গুর দ্বিমুখী থাবা
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৮:৫৭:১২ অপরাহ্ন
হাম শনাক্ত ৬৭৮, ডেঙ্গু ১০৯

স্টাফ রিপোর্টার : সিলেটে হামের প্রকোপ কাটতে না কাটতেই ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে। একদিকে হামে নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে ডেঙ্গুতেও প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন রোগী।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হামে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৮ জনে; ডেঙ্গু শনাক্ত হয়েছেন ১০৯ জন। দুই রোগে জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ডেঙ্গু প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮ জন চিকিৎসাধীন। তবে ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলাওয়ারি হিসাবে ডেঙ্গু শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে ৫২ জন। এছাড়া সিলেটে ২৩, সুনামগঞ্জে ২১ ও মৌলভীবাজারে ১০ জন শনাক্ত হয়েছেন। অন্যান্য জেলা থেকে এসে চিকিৎসা নেওয়া আরও ৩ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও বরিশালের একজন করে রয়েছেন।
অন্যদিকে, সিলেটে হামের সংক্রমণও অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে হাম ও হামে উপসর্গে মৃত্যু হয়েছে ১১৪ জনের এবং ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৭৮ জনে দাঁড়িয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি সন্দেহভাজন হাম রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। চলমান সংক্রমণে শিশুদের আক্রান্ত হওয়ার হার বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
একদিকে হামের বিস্তার, অন্যদিকে ডেঙ্গুর নতুন সংক্রমণ-দুই রোগের একসঙ্গে উপস্থিতি সিলেটের জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার এবং হাম সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জ্বরসহ উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।





