জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৮:১০:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চলতি বছরের জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১জন নিহত হয়েছেন। জুন মাসের চেয়ে জুলাই মাসে ৩জন বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই মোটরসাইকেল আরোহী। গতকাল শনিবার (৮ আগস্ট) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়। গেল মাসে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে জুলাই মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারণ হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক ও ৬টি সড়ক দূর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ৮ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ২টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া জুলাই মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগের মাস জুনে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হন।






