কুলাউড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৬, ৮:২৭:৫০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রোববার কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা কমিটি, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে এবং হেলেনা হিরামন তালাংয়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস, প্রাকৃতিক সম্পদের ওপর বাড়তে থাকা চাপ এবং ঋতু পরিবর্তনের অনিয়মসহ নানা সংকটের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে সমাজে বিদ্যমান বৈষম্যও যুক্ত হয়েছে। এসব সংকটের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আদিবাসী জনগোষ্ঠীর ওপর। তাদের জীবনমান উন্নয়ন, অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ডেরিক প্রেন্টিস ডাডলি, কুলাউড়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, বাংলাদেশ অবলেটস জাস্টিস অ্যান্ড পিসের সমন্বয়কারী ফাদার ভ্যালেন্টাইন তালাং, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কুলাউড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।





