পেশাগত দক্ষতা ও সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৬, ৮:২৪:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা, মেধা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে সামরিক বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে ‘নৌ ও বিমান বাহিনী নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।
নির্বাচনি পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, নৌ ও বিমান বাহিনী সীমান্ত ও আকাশসীমা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে যেভাবে সহায়তা করে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের প্রয়োজনে বাহিনীর সকল সদস্যের ত্যাগের জন্য তিনি নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব শহীদ, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে হতাহতদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। প্রথমে তিনি ঢাকা সেনানিবাসে নবস্থাপিত আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রের ‘এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ট্রিগ্রেশন’-এর ফলক উন্মোচন করেন এবং এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরে তিনি এয়ার কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শনে যান। সেখানে ডিজিটাল লার্জ ডিসপ্লের মাধ্যমে যুদ্ধবিমান দ্বারা শত্রু বিমানকে বাধা প্রদান এবং ড্রোন থেকে পাওয়া লাইভ ফিডের সহায়তায় হেলিকপ্টার থেকে সেনা অবতরণের মহড়া প্রত্যক্ষ করেন।
এছাড়া প্রধানমন্ত্রী বিমান বাহিনীর ‘অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স’ পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন আধুনিক ড্রোন- যেমন কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটোল- প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী কোয়াডকপ্টারের উড্ডয়ন অবলোকন করেন এবং প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়ার এই প্রচেষ্টাকে দেশের জন্য এক বড় অগ্রগতি হিসেবে আখ্যায়িত করেন।





