বোরহান উদ্দিন সোসাইটির অটোরিকশা বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩১:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের স্থায়ী প্রকল্প-২০২৬-এর আওতায় দুটি গভীর নলকূপ ও একটি অটোরিকশা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার উত্তর জগন্নাথপুরের বোরহানাবাদ ও কামালপুর ইউনিয়নের রাধানগর গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে গভীর নলকূপ দুটি হস্তান্তর করা হয়। একইসঙ্গে নালিউড়ি গ্রামের একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি অটোরিকশা প্রদান করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব। প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ফাহাদ আলম। এ সময় হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মিজান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, সমাজকল্যাণ সচিব হুসাইন আহমদ, কার্যকরী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম তানভীর, টিম মেম্বার মাহমুদ হাসান, হৃদয় মিয়া, জুবায়ের আহমেদ রাহিম ও রাজন আহমেদ প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানুষ ও মানবতার কল্যাণে নিজেদের পরিশ্রমে অর্জিত অর্থ ব্যয় করে বিআইএস ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের স্বাবলম্বী করে তোলা এবং সমাজের কল্যাণে কাজ করার এ উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।







