জালালাবাদ টিটি কলেজের বিএড ব্যাচের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৬:৫৪ অপরাহ্ন

সিলেট বিভাগের শিক্ষক প্রশিক্ষণের প্রথম প্রতিষ্ঠান সিলেট নগরীর জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের ২৭তম বিএড ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপশহরস্থ কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ। সহকারী অধ্যাপক সুলায়মান চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রশিক্ষণার্থী হাসান খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের ভাইস প্রিন্সিপাল মুনাক্কা আক্তার চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুস শাকুর, প্রভাষক মর্তুজা আলী ও সাজিদুর রহমান মুরাদ।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন আবুল কাশেম রিওন, ভক্তী রাণী দেব, মাহবুবা বেগম, সুমা রাণী শর্মা ও শিরিন বানু প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. হাসমত উল্লাহ দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যবিষয়ের পরিচিতি, আধুনিক অংশগ্রহণমূলক পদ্ধতিতে হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের শ্রেণিকক্ষে পাঠদানের পরিকল্পনা এবং এর উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণমূলক পদ্ধতিতে শ্রেণি পাঠদানে দক্ষতা অর্জন ও তা বাস্তবায়নের আহ্বান জানান। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ‘আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি’ উদ্ধৃত করে তিনি বলেন, শিক্ষকতা মহানবী ও নবী-রাসুলদের প্রদর্শিত মহান পেশা।
প্রথম সেমিস্টারের মতো দ্বিতীয় সেমিস্টারেও প্রশিক্ষণার্থীদের নিয়মিত শ্রেণি কার্যক্রম ও পাঠদান অনুশীলনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিএড ফাইনাল পরীক্ষায় প্রশিক্ষণার্থীরা আশানুরূপ ফলাফল অর্জন করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি






