মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩:৫০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার টিবি হাসপাতাল রোড এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি কোম্পানির আটা, ময়দা ও তেলের ডিলার মেয়াদোত্তীর্ণ এবং মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি পণ্যের মূল মেয়াদের সিল ঘষে তুলে নকল সিল দিয়ে নতুন মেয়াদ সংযোজন করে সরবরাহ করার প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে জব্দ ১২৭ প্যাকেট আটা ও ময়দা ধ্বংস করা হয়। একই সঙ্গে মেয়াদ পরিবর্তনে ব্যবহৃত নকল সিল জব্দ করা হয়েছে।
অপরদিকে, একই দিনে শহরের কুসুমবাগ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্যানিটারি ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







