ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪:১৯ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর প্রীতম এরিক (পিতু) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত প্রীতম এরিক (৪৫) কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার প্রয়াত টমাস এরিকের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং ব্যাটারিচালিত টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় টমটম নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে যায়। এ সময় চালক প্রীতম এরিক নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।
প্রায় ৩০ ঘণ্টা পর সোমবার সকালে স্থানীয় কয়েকজন জেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন জানান, নিখোঁজ চালককে উদ্ধারে পুলিশ, স্থানীয় লোকজন ও ডুবুরি দল অভিযান চালিয়েছিল। তবে তখন তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।







