কুলাউড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬:০৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ৯৬ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এমপির প্রতিনিধি মো. মছব্বির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল জানান, কুলাউড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯৬টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।







