মৌলভীবাজারে শাহমোস্তফা একাডেমির এ প্লাস প্রাপ্তদের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮:০৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত শাহমোস্তফা একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী, মাসে সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থী এবং সেরা পারফরম্যান্সের জন্য শিক্ষকবৃন্দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় একাডেমির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার বিতরণ করা হয়। একাডেমির প্রিন্সিপাল মো. ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সূরাতুল ফাতেহা অর্থসহ কোরআন থেকে তেলাওয়াত করেন সিফাত আহমদ রিমন। ইসলামী সংগীত পরিবেশন করেন আরিফা আক্তার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আজাদুর রহমান আজাদ, সমাজসেবক মোক্তাদির হোসেন ও শিক্ষানুরাগী মো. তাজুল ইসলাম খান। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র শিক্ষক রাশিদা আহমেদ আখন্দ, অভিভাবক বদরুল হাসান জুসেফ, নাফিজ আহমদ ও ফারুক আহমদ। অনুষ্ঠান শেষে আগস্ট মাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য ৫১ জন শিক্ষার্থী, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৩৪ জন শিক্ষার্থী এবং সেরা পারফরম্যান্সের জন্য ৭ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়।
আমন্ত্রিত অতিথিরা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে একাডেমির কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শাহমোস্তফা একাডেমির সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে একাডেমির প্রিন্সিপাল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী-শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান।







