ছাতকের আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮:০৮ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে ছাতক শহরের তাহির প্লাজার সামনে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপন মিয়া। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, তাকে গ্রেফতার না করার অভিযোগ তুলে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে সোমবার রাতে ছাতক শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিক্ষোভকারীরা ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্বপন মিয়া বিরোধী দলের নেতাকর্মীদের মামলা-হামলায় হয়রানি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল এবং চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।






