ছাতকে আওয়ামী লীগ নেতাকে গণধোলাই
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২:৫৬ অপরাহ্ন
ছাতক সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগ নেতা স্বপন মিয়াকে মারধরের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের তাহির প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্বপন মিয়া দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নরসিংপুর ইউনিয়নের সারপিন নগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সিএনজিচালিত একটি অটোরিকশায় বসেছিলেন স্বপন মিয়া। এ সময় স্থানীয় কয়েকজন লোক সেখানে জড়ো হয়ে তাকে অটোরিকশা থেকে টেনে নামিয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পুলিশের উপস্থিতিতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, পুলিশি নিরাপত্তায় স্বপন মিয়াকে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে আটক করার পরও আইনগত ব্যবস্থা না নেওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন অভিযোগ করে বলেন, স্বপনের মাধ্যমে থানার ওসির অবৈধ টাকার আয় হয়। জনতা তাকে আটক করলেও ওসি তাকে ছেড়ে দিয়েছেন।
তবে এ অভিযোগের বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, স্বপন মিয়াকে স্থানীয় লোকজন মারধর করেছে বলে তারা শুনেছেন। তাকে প্রথমে ছাতক উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।






