সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৪:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে চোরাচালানবিরোধী অভিযানের নামে পর্যটক হয়রানির অভিযোগে হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে একজন এএসআই ও তিনজন কনস্টেবল রয়েছেন। তারা তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
সম্প্রতি উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরা এক পর্যটকের বাস থামিয়ে তল্লাশির সময় ওই চার সদস্যের বিরুদ্ধে হেনস্তা ও অযথা জিজ্ঞাসাবাদের অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রথমে তাদের তামাবিল হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে গত সোমবার অফিস আদেশে সাময়িক বরখাস্ত করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, গাড়ি থামিয়ে সাধারণ মানুষ ও চালকদের হয়রানির অভিযোগে চার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাদের কাছে জবাব চাওয়া হয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন ও জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলা ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর আইনগত ক্ষমতা পুলিশের রয়েছে। তবে তল্লাশির নামে অন্যায় সুবিধা আদায় বা কাউকে অযথা বিব্রত করা অপরাধ। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চললেও পর্যটকসহ সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।






