ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মিরবক্সটুলায় একটি ফার্মেসির ফ্রিজে সংরক্ষিত ওষুধের প্রায় ৯৯ শতাংশই পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব ওষুধ জব্দের পর ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ফার্মেসিটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীতে আল-মদীনা ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষিত ওষুধ পরীক্ষা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এর মধ্যে প্রায় ৯৯ শতাংশ ওষুধেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। পরে সেগুলো জব্দ করে ফার্মেসির সামনেই ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান শেষে মো. আরিফ মিয়া জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি কিংবা সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।






