শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৮:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাবিপ্রবির শিক্ষার্থী দিপাঞ্জন ঘোষ প্রিয়মের মৃত্যুর পর সিলেট নগরীর চৌকিদিঘী এলাকার ব্রিটেনিয়া সুইমিংপুল তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সুইমিংপুলটি বন্ধ থাকবে।
বুধবার সন্ধ্যায় সাঁতার কাটার সময় ৯ ফুট গভীর পানিতে ডুবে যান শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিএসই বিভাগের শিক্ষার্থী প্রিয়ম (২১)। পরে সুইমিংপুলের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার স্বজনরা তার মরদেহ নিয়ে যান। এ ঘটনায় তারা কোনো অভিযোগ করেননি।
প্রত্যক্ষদর্শী সহপাঠী ফায়াজ নবী জানান, প্রিয়ম কয়েকবার গভীর পানিতে গেলেও পরে আর কখন সেখানে গেছে, তা কেউ খেয়াল করেননি। সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু বলেন, নিয়ম অনুযায়ী সাঁতার না জানলে ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করা হয়।
এদিকে লাইফগার্ড না থাকায় সুইমিংপুল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলেছেন প্রিয়মের সহপাঠীরা। শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. মুখলেসুর রহমান বলেন, কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা তদারকির ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





