কমলগঞ্জে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৩:০৫ অপরাহ্ন

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত উপকারভোগীদের যথাসময়ে অবহিত না করা, কার্ডধারীদের পণ্য না পাওয়া এবং পণ্য বিতরণে স্বচ্ছতার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ভোক্তারা।
বুধবার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রির সময় এসব অভিযোগ নিয়ে ডিলার পক্ষের লোকজনের সঙ্গে ভুক্তভোগীদের বাকবিত-া হয়।
ভোক্তাদের অভিযোগ, পণ্য বিতরণের সময় প্রকৃত কার্ডধারীদের মধ্যে প্রায় ২৫০ জন পণ্য না পেয়ে ফিরে গেছেন। এছাড়া পণ্য বিক্রির সময় ও স্থান সম্পর্কে আগেই জানানোর কথা থাকলেও অনেককে তা জানানো হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিক্রয়কেন্দ্রে উপস্থিত হতে না পারায় নিম্নআয়ের অনেক মানুষ সরকারি ভর্তুকির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিলার জয়নাল আবেদীন বলেন, আমি যে পরিমাণ পণ্য পেয়েছি, সেগুলোই বিতরণ করেছি। আমাকে ২৩০ জনের পণ্য দেওয়া হয়েছিল, আমি সেগুলো বিক্রি করেছি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, এখানে অনিয়ম হওয়ার কথা নয়। হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।






