অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৮:৪৭:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কদমতলী বাসস্ট্যান্ড ও নতুন রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্টসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (২ অক্টোবর) বিকালে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
এসআরবি সূত্র জানিয়েছে, শুক্রবার বিকাল ৫টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নিমাদল এলাকার মৃত সাথীর আলীর ছেলে আহমদ করিম (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট হিসেবে কাজ করতেন। তার কাছ থেকে একটি স্মার্টফোন ও নগদ ১১ হাজার ৭৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমদ করিম প্রায় দেড় বছর ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে টাকা ও টোকেন সংগ্রহ করে চক্রের অন্য সদস্যদের কাছে পাঠাতেন এবং জুয়ার ফলাফলের ভিত্তিতে লেনদেন সমন্বয় করতেন। এভাবে তিনি দৈনিক প্রায় ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করতেন বলে জানায় এসআরবি।
এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় নতুন রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে ফরিদ মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৮)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসআরবি জানায়, জব্দ করা মোবাইল ফোনগুলো পর্যালোচনায় অনলাইন জুয়া পরিচালনা ও লেনদেনের বিভিন্ন আলামত পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার দুজনকে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া চক্রের অন্যান্য এজেন্ট, পরিচালনাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





