সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:১৪:২৫ অপরাহ্ন
একদিনে নতুন ভর্তি ২২৯

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম ও উপসর্গে ফের দুই শিশুর মৃত্যু হয়েছে। টানা পাঁচ দিন মৃত্যুহীন থাকার পর আগের ২৪ ঘন্টায় এক শিশুর মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হলো। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম ও উপসর্গ নিয়ে আরও রেকর্ড ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫২ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪২২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
একদিনে নতুন ভর্তি ২২৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৮, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৬৬, ধর্মপাশায় ১ ও জগন্নাথপুরে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৫২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩, রাগীব-রাবেয়া মেডিকেলে ১০, নর্থ ইস্ট মেডিকেলে ৩, পার্কভিউ মেডিকেলে ২৮, সিলেট উইমেন্স মেডিকেলে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জে ৪, বিশ^নাথে ৫, বিয়ানীবাজারে ৮, গোলাপগঞ্জে ৭, ফেঞ্চুগঞ্জে ২, ধর্মপাশায় ২ ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী ৯ মাস বয়সী শিশু রাহুল সিলেটের গোয়াইনঘাট উপজেলার এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ৬ মাস বয়সী রাখি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৭ জন।






