ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:৪৪:৩২ অপরাহ্ন
আশ^াসে মিলেনি সুরাহা

স্টাফ রিপোর্টার : দেড় বছর ধরে মিলেছে শুধু আশ্বাস, মেলেনি লিখিত কোনো সুরাহা। ফের এক দফা দাবিতে রাজপথে নেমেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্ত করে কলেজটিকে স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে একাডেমিক ও প্রশাসনিকভাবে যুক্ত করার দাবিতে টানা ১২তম দিনের মতো কর্মসুচী করেছেন তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শত শত শিক্ষার্থী। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাবির পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা। পরে দাবিসংবলিত স্মারকলিপি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন তারা।
শিক্ষার্থীরা জানান, গত ২৭ সেপ্টেম্বর আন্দোলন শুরুর পর অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তাদের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করা হয়। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বৈঠক ও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
তাদের দাবি, গত বছর এ বিষয়ে রেজুলেশন পাসের কথা থাকলেও দেড় বছরেও তা কার্যকর হয়নি। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করেও স্থায়ী সমাধান না পাওয়ায় এবার আর মৌখিক আশ্বাস নয়, দ্রুত লিখিত সিদ্ধান্ত ও সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।





