জ্বালানি সহযোগিতা জোরদারে তিন দেশে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৭:৫১:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে যাচ্ছেন। আগামীকাল বুধবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। জ্বালানি সহযোগিতা জোরদার, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বহুপক্ষীয় আলোচনায় অংশগ্রহণ এবং মুসলিম বিশ্বের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরাই এ সফরের মূল উদ্দেশ্য।
সফরের প্রথম গন্তব্য আজারবাইজানের রাজধানী বাকু। সেখানে ১৫ অক্টোবর এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠাবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। এরপর ১৭ ও ১৮ অক্টোবর ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শেষ পর্বে আলজেরিয়ায় জ্বালানি ও সার খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে। মধ্যপ্রাচ্যে সংঘাত এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্নের আশঙ্কায় বাংলাদেশ বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশের জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আরকাবের মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকে এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা হয়। গত ১১ অক্টোবর ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও জ্বালানি আমদানি ও সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া আলজেরিয়ার সঙ্গে সার আমদানি, কৃষি, ওষুধ, জাহাজ নির্মাণ, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।
বাগদাদের ওআইসি অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানবিক সহায়তার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ থাকবে। তিন দেশ সফর শেষে আগামী ২৩ অক্টোবর হুমায়ুন কবিরের দেশে ফেরার কথা রয়েছে।





