সিকৃবিতে অত্যাধুনিক প্ল্যান্ট হেলথ ক্লিনিকের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৬:২৬:৩৬ অপরাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অত্যাধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক যন্ত্রপাতিসমৃদ্ধ প্ল্যান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে উদ্ভিদের রোগ শনাক্তকরণ, আধুনিক গবেষণা, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা এবং কৃষকদের ফসলের স্বাস্থ্য সুরক্ষায় পরামর্শসেবা প্রদানের নতুন সুযোগ তৈরি হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ তলায় ক্লিনিকটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার। উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের আওতায় উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের একটি উপ-প্রকল্পের মাধ্যমে ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-এলাহী ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌল্লাহ। উপ-প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার বলেন, সংশ্লিষ্টদের উদ্যোগে গুরুত্বপূর্ণ এই গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। তবে গবেষণার প্রকৃত সাফল্য তখনই আসবে, যখন এর ফলাফল এ অঞ্চলের কৃষকদের কাজে লাগবে। এ গবেষণাগার থেকে ব্যবহারযোগ্য পেটেন্ট, উন্নত জাত ও উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করতে হবে, যা কৃষির বাস্তব সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
তিনি বলেন, গবেষণার ঘাটতি ও মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর গবেষণা পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ জন্য আরও বেশি গবেষণা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার স্বার্থে প্রয়োজনে মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি গবেষণাগারের যন্ত্রপাতি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং দ্রুত ল্যাব টেকনিশিয়ান দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, প্ল্যান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারবেন। পাশাপাশি স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী এবং গবেষকেরা আধুনিক গবেষণার সুযোগ পাবেন।
ক্লিনিকটিতে উদ্ভিদের রোগ শনাক্তকরণ ও গবেষণার জন্য স্থাপন করা হয়েছে বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি। এর মধ্যে রয়েছে ক্ষতিকর অণুজীব নিয়ে নিরাপদে কাজ করার জন্য বায়োসেফটি ক্যাবিনেট, পাতায় ক্লোরোফিলের পরিমাণ ও সবুজতার মাত্রা পরিমাপ এবং নাইট্রোজেনের ঘাটতি নির্ণয়ের জন্য এসপিএডি ক্লোরোফিল মিটার, অণুজীবের চাষ ও বৃদ্ধির জন্য মাইক্রোবায়োলজিক্যাল ইনকিউবেটর এবং উন্নত প্রযুক্তির মাইক্রোস্কোপ।
এছাড়া রয়েছে বিশুদ্ধ পানি তৈরির ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট, নিয়ন্ত্রিত পরিবেশে উদ্ভিদের বৃদ্ধি ও গবেষণার জন্য প্ল্যান্ট গ্রোথ চেম্বার, পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন, রিয়েল-টাইম পিসিআর মেশিন এবং মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নমুনা সংরক্ষণের জন্য আল্ট্রা-লো টেম্পারেচার (ইউএলটি) ফ্রিজার। পাশাপাশি রয়েছে ল্যাবরেটরি রেফ্রিজারেটরসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম। এসব যন্ত্রপাতির মাধ্যমে উদ্ভিদের রোগজীবাণু শনাক্তকরণ, নমুনা সংরক্ষণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্নত গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তি






