আতঙ্কের নাম ‘হাম’ : সিলেটে মৃত্যু ২০০
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৬, ১:৪১:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এক সময়ের নিয়ন্ত্রণে থাকা হাম এখন মানুষের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিনে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে এবং এরমধ্যে সিলেটেই ৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছরে হামে দেশে এক হাজার ২১৪ জনের মৃত্যু হয়েছে এবং সিলেটে মৃত্যু ২০০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনই মৃত্যু প্রমাণ করে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। টিকাদানের ঘাটতি এবং দ্রুত চিকিৎসা না পাওয়াই এই মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ার অন্যতম কারণ।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৫৫৮ জন, চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহীতে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে।
এদিকে, সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে প্রাণহানি আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে। শুক্রবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ শিশু। এ নিয়ে চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর) বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২০০ এ পৌঁছাল।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে রয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শহীদুল ইসলামের এক বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসেনের নয় মাস বয়সী ছেলে জিসান আহমেদ এবং হবিগঞ্জ সদর উপজেলার মিজানুর রহমানের ৪ মাস বয়সী ছেলে জায়ান।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, এই তিন শিশু চরম অপুষ্টির পাশাপাশি নিউমোনিয়া, হৃদরোগ ও জন্ডিসের মতো নানা শারীরিক জটিলতায় ভুগছিল। চিকিৎসকরা জানিয়েছেন, হাম বা হামের উপসর্গে মারা যাওয়া শিশুদের একটি বড় অংশই হাম প্রতিরোধক নিয়মিত টিকা পায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের শুক্রবারের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ১১৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন (এর মধ্যে রুবেলায় আক্রান্ত দুজন এবং মৌলভীবাজারে ১৫৮ জন) রয়েছে।
বিভাগে এ পর্যন্ত প্রাণ হারানো ২০০ জনের মধ্যে ১০ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় সরাসরি হাম শনাক্ত হয়েছিল। বাকি ১৯০ জন মারা গেছেন হামসহ নানা উপসর্গে।
জেলাভিত্তিক মৃত্যুর চিত্রে দেখা যায়-হাম উপসর্গ নিয়ে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩২ এবং মৌলভীবাজারে ১৬ জন মারা গেছেন।
সিলেট বিভাগে প্রতিদিন নতুন নতুন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৯ জন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।





