লিডিং ইউনিভার্সিটিতে গবেষণাবিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:১৫:৪৫ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের উদ্যোগে ‘রাইটিং রিসার্চ প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক গবেষণাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১-এ এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের গবেষণা প্রকল্পের আওতায় দেশের স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্মে সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের গবেষণা অনুদান পেতে হলে মানসম্মত গবেষণা প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা গবেষণামুখী করার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, শিক্ষার সঙ্গে গবেষণার নিবিড় সম্পর্ক রয়েছে। শিক্ষকদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে গবেষণার মানসিকতা গড়ে তুলতে হবে। এর ফলে তাঁদের মধ্যে সমালোচনামূলক বিশ্লেষণের সক্ষমতা বাড়বে এবং জ্ঞান সৃষ্টির নতুন সুযোগ তৈরি হবে। তিনি আশা প্রকাশ করেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষকেরা ইউজিসিতে উল্লেখযোগ্যসংখ্যক মানসম্মত গবেষণা প্রকল্প প্রস্তাব জমা দেবেন।
লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ অ্যান্ড প্ল্যানিংয়ের উপদেষ্টা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া।
তিনি আশা প্রকাশ করেন, সেমিনারে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মানসম্মত গবেষণা প্রস্তাব তৈরি করতে পারবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে অনুদান পাওয়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন।
লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সমন্বয়ে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি






