আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:২১:০৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আইজিপির সাম্প্রতিক বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে স্বস্তি দেওয়ার বদলে বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, পুলিশ বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাঁদের নিরপেক্ষভাবে ও স্বাধীনভাবে আইন প্রয়োগের সুযোগ দিলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। তবে সস্তা বাহবা বা কৃতিত্ব নেওয়ার জন্য দায়িত্বশীল অবস্থান থেকে বক্তব্য দিলে তা দেশের ক্ষতি করবে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে রিজভী বলেন, তরুণদের দক্ষ করে দেশের উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা বিএনপির লক্ষ্য। জাতির পুনর্গঠনে তরুণদের বিশৃঙ্খলার অংশ না করে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।
বিএনপির রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে রিজভী বলেন, দলটি বহুদলীয় গণতন্ত্র, মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তাঁর দাবি, জিয়াউর রহমানের সময়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল।





